সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৫ , ০৭:১৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বন্যায় দেশের ৩৩ জেলায় বিভিন্ন খাতে মোট ৫ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে বন্যা পরবর্তী সার্বিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বন্যা নিয়ন্ত্রণে অনেক পদক্ষেপ নেয়া হচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ একটি বন্যা সহনীয় রাষ্ট্রে পরিণত হবে। ৯৮ বন্যার তুলনায় এবারে ক্ষয়ক্ষতির পরিমাণ কম। সেসময় প্রায় ৪০ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার ৩৩ জেলা। একইভাবে সে সময় প্রায় ৫০ ভাগ এলাকা প্লাবিত হয়, এবার প্লাবিত হয়েছে ৩০ ভাগ এলাকা। সেই সময় বন্যা স্থায়ী হয়েছিল ৬৯ দিন, এবার ৪৬ দিন।
দীর্ঘ মেয়াদি বন্যা থেকে পরিত্রাণ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নদী শাসন, নদী ভাঙন রোধে নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে। সুরমা, মাতামুহুরি নদী শাসনের ইতোমধ্যে প্রকল্প হাতে নেয়া হয়েছে। ভবিষ্যতে পদ্মা, যমুনা নদী শাসনেরও পদক্ষেপ নেয়া হবে। ক্ষয়ক্ষতির চিত্র অনুযায়ী মন্ত্রণালয়গুলো পুনর্বাসন পরিকল্পনা নেবে। দেশের ৩৩ জেলা বন্যাকবলিত হয়েছে, সবমিলিয়ে ৪০ জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, বন্যায় ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, গবাদিপশু, শস্যে ক্ষেত ও বীজতলা, মৎস্য খামার, স্কুল-কলেজ-মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যুৎ লাইন, মোবাইল ফোন লাইন, টেলিফোন টাওয়ার, সড়ক, ব্রিজ- কালভার্ট, বাঁধ, নদী, হাওর, নৌকা-ট্রলার, জাল, বনাঞ্চল, নার্সারি, কৃষি, নলকূপ, জলাধার, হাসপাতাল-ক্লিনিক ইত্যাদি ক্ষেত্রে ক্ষতি হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, সিলেট, টাঙ্গাইল, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, নেত্রকোনা, নওগাঁ, শরীয়তপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, নাটোর, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, মৌলভীবাজার, গাজীপুর, গোপালগঞ্জ ও পাবনা জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.