চট্টগ্রামে নিজ বাসায় মিলল মা ও ছেলের গলাকাটা লাশ

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৫ , ০৯:১৯ এএম

চট্টগ্রামে নিজ বাসায় মিলল মা ও ছেলের গলাকাটা লাশ ছবি : সিটিজেন নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানাধীন এলাকায় মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুইজন হলো- গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)।  

চান্দগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, পুরাতন চান্দগাঁওস্থ টিন শেডের সেমি পাকা একটি ঘরের ভেতর শৌচাগারে গুলনাহারের লাশ পড়ে ছিল। গুলনাহারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আর মেঝেতে পড়ে ছিল তার ছেলে রিফাতের গলা কাটা লাশ।

নিহত গুলনাহার এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাসায় থাকতেন। তার বড় মেয়ে গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলেই ছিলেন বলে জানা যায়।গার্মেন্টস থেকে থেকে বাসায় ফিরে এসে তিনি মা ও ছোট ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, হত্যার কারণ এবং হত্যাকারী সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। শীঘ্রই জানা যাবে।