বায়েজিদে পুলিশের ৮ সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২০ , ০৯:৪৫ এএম

বায়েজিদে পুলিশের ৮ সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ছবি: সিটিজেন নিউজ

ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) আট সদস্যসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহিউদ্দিন মুরাদের আদালতে মামলাটি করেন কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক আবুল ওয়াহেদ।

আদালত মামলা গ্রহণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আসামিরা হলেন— নগরীর বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সহিদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মো. নূর নবী ও গোলাম মোহাম্মদ নাছিম হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) অমিত ভট্টাচার্য, মো. শরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম, কনস্টেবল মো. সোলাইমান ও ফৌজুল করিম এবং পুলিশের সোর্স রুবেল।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, চলতি বছরের ১৩ জুলাই বায়েজিদ বোস্তামীর জামাল কলোনি এলাকা থেকে বিনা কারণে বাদীকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয় এবং দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা জানালে মাদক আইনে বাদী ও আরও কয়েকজনের নামে মামলা করা হয়। মামলা হালকা করতেও টাকা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

বাদী আরও বলেন, তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ক্রসফায়ারে হত্যার হুমকি দেওয়া হয়। টাকা দিতে না পারলে তার বাসা থেকে ইয়াবা উদ্ধারের মিথ্যা অভিযোগ এনে একটি মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলায় আদালত তাকে কারাগারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ইয়াবা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ক্রসফায়ারের হুমকি দিয়ে কারও কাছে পুলিশ সদস্যরা টাকা চাননি।