সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৯ , ১২:৫৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে পরীক্ষার ফি ২০০টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং বাসা থেকে নমুনা নিয়ে পরীক্ষা ৫০০ টাকার স্থলে ৩০০ টাকা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, সর্দি-কাশিসহ করোনা উপসর্গ দেখা দিলেই সবাইকে পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা না হওয়ার বিষয়টি নিশ্চিত হতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বারবার অনুরোধ করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে করোনা পরীক্ষা করতে পারে, এ জন্যই মন্ত্রণালয় ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাড়িতে বসেও ফোন করে করোনা পরীক্ষার ব্যবস্থা রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ক্ষেত্রে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৩০০ টাকা ফি দিতে হবে বলে জানান জাহিদ মালেক।
গত ২৯ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে করোনা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ নির্ণয় করা হয়। এ পরীক্ষা সরকার বিনামূল্যে করার সুযোগ দেওয়ার ফলে কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করছে। এ অবস্থায় কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের গত ১৫ জুনের এক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে আরটি-পিসিআর পরীক্ষার জন্য ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হলো। আজ সরকার এ ফি আবার কমানোর সিদ্ধান্ত নেয়।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৮৪ হাজার ৩৫৩ জন রোগী মারা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.