বন্যা: ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৯ , ১১:৪৯ এএম

বন্যা: ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

বন্যার পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মানিকগঞ্জে ৩ জন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়। এ নিয়ে বন্যার পানিতে ডুবে ১৯০ জনের মৃত্যু হলো।

এদিকে দেশের ৩৩ জেলায় চলমান বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২০ জন এবং অন্যান্য কারণে দুইজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

বর্তমানে দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার দুই হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে এক হাজার ৭৮টি ইউনিয়ন বন্যা আক্রান্ত। স্বাস্থ্য অধিদফতরের দুই হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আক্রান্ত জেলাগুলোতে এ পর্যন্ত ডায়রিয়ায় ১৮ হাজার ৫৯ জন, শ্বাসতন্ত্রের প্রদাহে (আরটিআই) পাঁচ হাজার ৯০০ জন, বজ্রপাতে ৪৭ জন, সাপের কামড়ে ৬৮ জন, পানিতে ডুবে ২১৩ জন, চর্মরোগে ১১ হাজার ৭৭৫ জন, চোখের প্রদাহে এক হাজার ২৮২ জন, আঘাতপ্রাপ্ত এক হাজার ৪৯ জন ও অন্যান্য রোগে ১৫ হাজার ৩১৩ জন মোট ৫৩ হাজার ৫৭০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।