সড়কের খানা-খন্দক ভরাট ও মেরামতের নির্দেশ

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৮ , ০১:২৩ পিএম

সড়কের খানা-খন্দক ভরাট ও মেরামতের নির্দেশ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরীর যেসব সড়কে এখনও খানা-খন্দক রয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে ভরাট ও মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে টাইগারপাসস্থ চসিক নগরভবনে প্রকৌশল বিভাগের ৩ ও ৫ নং ডিভিশনের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় চলমান প্রকল্পগুলোর সার্বিক চিত্রের নথি তার কাছে প্রেরণের নির্দেশনাও দেন তিনি। এছাড়াও যেসমস্ত উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেগুলোর হালচিত্র তাকে দ্রুত অবগত করে তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

এসময় প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুনিরুল হুদা, কামরুল ইসলাম, আবু সালেহ, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু ছিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন।

তিনি বলেছেন, সরকারের উন্নয়ন কাজে প্রকৌশলীদের আরও সহযোগিতা প্রয়োজন। নগরায়নের প্রতিটি ক্ষেত্রে তাদের অবদান রয়েছে। তারাই উন্নয়নের কারিগর।

প্রশাসক বলেন, জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে ত্যাগ শিকার করতে হবে। জাতির পিতার প্রতিটি অর্জনের পেছনে রয়েছে ত্যাগ। দেশের সমৃদ্ধিতে এ ত্যাগের ইতিহাস আমাদের পথ দেখাবে। দেশকে আমরা উন্নত ও সমৃদ্ধ করতে চাই। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নগরীতে চলমান উন্নয়নকাজ সময়মত শেষ করার ক্ষেত্রে প্রকৌশলীদের তদারকি বাড়াতে হবে। অফিসে অহেতুক সময় নষ্ট না করে রাস্তায় যেখানে উন্নয়নকাজ চলছে সেখানে সময় দিতে হবে। কাজের গুনগতমান পরীক্ষা করতে হবে। কোন কোন টিকাদার  কাজে গাফিলতি করছে তাদের তালিকা তাকে দেওয়ার অনুরোধ করেন প্রশাসক। কাজ আদায়ের ক্ষেত্রে কাউকেই ছাড় দেবেন না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।