বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৫ , ১১:২৬ এএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ছবি: সিটিজেন নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের অংশ নেন প্রধানমন্ত্রী। দোয়া শেষে ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। 

ধানমন্ডিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যাবেন। সেখানে তার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।