সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৮ , ১১:১৮ এএম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ছবি: সিটিজেন নিউজ

সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে এক সন্ত্রাসী। গত ৫ আগস্ট ‘শফি-কুদ্দুদের অবৈধ অস্ত্রেই অশান্ত চট্টগ্রাম নগরীর একাংশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয় অনলাইন নিউজ পোর্টাল ‘সিটিজেন নিউজ.কম.বিডি’তে। প্রকাশিত ওই সংবাদের জের ধরে ৫ আগস্ট বুধবার রাতেই সিটিজেন নিউজে কর্মরত রোমান শেখকে হত্যার হুমকি প্রদান করে।

জানা যায়, চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী ধানাধীন এলাকার শফিকুল ইসলাম ওরফে গ্যারেজ শফি এবং কুদ্দুস ওরফে কানা কুদ্দুসের সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে সিটিজেন নিউজ.কম.বিডি সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। অনুসন্ধানী ওই প্রতিবেদনের শফি-কুদ্দুস ও তার ছত্রছায়ায় থাকা যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এবং কারা এসব ব্যবহার করছেন- এমন তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পর ৫ আগস্ট রাতে ইমরান হোসেন নামে একটি ফেসবুক আইডি থেকে রোমান শেখের ব্যক্তিগত ফেসবুক ম্যসেঞ্জারে প্রতিবেদনের কারণ জানতে চেয়ে প্রতিবেদনটি ডিলিট করতে বলেন। অন্যথায়, রোমান শেখকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলে হুমকি প্রদান করে।

এ বিষয়ে ভুক্তভোগী রোমান শেখ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন।

রোমান শেখ জানান, 'আমার সম্পাদনায় গত ৫ আগস্ট সিটিজেন নিউজ.কম.বিডি সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর থেকে আমার ব্যক্তিগত ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে ইমরান হোসেন নামে একজন প্রতিবেদনটি ডিলিট করতে বলে।'

প্রতিবেদনটি ডিলিট না করলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেও বলা হয় বলে জানান রোমান শেখ।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে বলেন, 'একটি প্রতিবেদনের জেরে সাংবাদিক রোমান শেখকে হুমকি দেয়া হয়েছে; সাংবাদিক রোমান শেখের এমন দাবিতে একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।'