ওসি প্রদীপসহ ৩ জন ৭ দিনের রিমান্ডে

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৬ , ০৮:৪১ পিএম

ওসি প্রদীপসহ ৩ জন ৭ দিনের রিমান্ডে ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা হত্যা মামলার সাবেক ওসি প্রদীপসহ ৩ আসামিকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বাকি ৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজার আদালতে সিনহা হত্যা মামলায় র‌্যাবের করা রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড চেয়েছিল র‌্যাব। আদালত তিনজনের ৭ দিন করে মঞ্জুর করেছেন। বাকি ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন। 

এর আগে কড়া নিরাপত্তায় ওসি প্রদীপকে চট্টগ্রাম থেকে পুলিশি নিরাপত্তা দিয়ে কক্সবাজার আদালতে নেয়া হয়। আর লিয়াকতসহ অন্য ৮ আসামিকে জেলা পুলিশ লাইন্স থেকে কক্সবাজার আদালতে আনা হয়। পরে বিকেলে ৮ আসামি ও প্রদীপকে সরাসরি আদালতে নেয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আদালতের এজলাসে তোলা হয়।

গত বুধবার (৫ আগস্ট) সকালে টেকনাফ থানার ওসি প্রদীপ ও বাহারছড়া চেকপোস্টের আইসি লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন নিহতের বোন।

এই মামলায় বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ এস আই লিয়াকত হোসনকে ১ নম্বর ও প্রত্যাহারকৃত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বর আসামি করে আরো ৭ পুলিশ সদস্যকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন: উপপরিদর্শক (এস আই) নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, এ এস আই লিটন মিয়া, এস আই টুটুল, কনস্টেবল মো. মোস্তফা।