বিনিয়োগ আকর্ষণের সুযোগ কাজে লাগানোর নির্দেশ

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৬ , ০৩:২০ পিএম

বিনিয়োগ আকর্ষণের সুযোগ কাজে লাগানোর নির্দেশ ছবি: সিটিজেন নিউজ

করোনার ধাক্কা সামলে বিনিয়োগ আকর্ষণের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে, সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মহামারীর মধ্যেই অর্থনীতিকে কী করে এগিয়ে নেয়া যায়, সেই পরিকল্পনাও থাকতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে আরও বেশি ইনভেস্টমেন্টটা আনতে হবে, এটা সুযোগ আছে। অনেক দেশে এখন ইন্ডাস্ট্রি বন্ধ। আমাদের জনসংখ্যা আছে, জমি তৈরি আছে, অন্যান্য সুযোগ-সুবিধা আছে। এই সুযোগটায় আমরা কিন্তু ইনভেস্টমেন্ট আরও বেশি আকর্ষণীয় করতে পারি এবং আনতে পারি; আমাদের সেই সুযোগটা রয়েছে। সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে।

শেখ হাসিনা বলেন, আজকে বিনিয়োগের পরিবেশ আমাদের রয়েছে করোনা ভাইরাসের কারণে সবদেশেই সমস্যা হচ্ছে। কিন্তু এই সমস্যার মধ্যে দিয়েই কিভাবে আমাদের দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবো সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে।

করোনা পরিস্থিতিতে ব্যবসা-বিনিয়োগের সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের বসে থাকলে চলবে না। সীমিতভাবে হলেও আমাদের কাজ করতে হবে।

বাংলাদেশে বিনিয়োগে সুবিধা ও সম্ভবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।