জনপ্রতিনিধিদের ষড়যন্ত্রের শিকার চট্টগ্রামের দুই সাংবাদিক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৬ , ০২:১৫ পিএম

জনপ্রতিনিধিদের ষড়যন্ত্রের শিকার চট্টগ্রামের দুই সাংবাদিক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে দু’জন সাংবাদিককে হয়রানিসহ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। স্থানীয় দু’জন জনপ্রতিনিধি ক্ষিপ্ত হয়ে দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার ফারুক আব্দুল্লাহ’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। অন্যজন, একুশে পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মো. বেলাল উদ্দিনকে অপহরণের পর পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে।

ফারুক আব্দুল্লাহ এবং মো. বেলাল উদ্দিন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে গণমাধ্যমকে জানান।

রোববার (২ আগস্ট) রাতে মোরশেদুর রহমান নাদিম নামে এক ব্যক্তি বাঁশখালী থানায় ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

অন্যদিকে, সোমবার (৩ আগষ্ট) সন্ধ্যায় ছনুয়ায় মা ফাতেমা একাডেমী নামের সংগঠনের একটি অনুষ্ঠান সেরে বাড়ি যাবার সময় মো. বেলাল উদ্দিনকে অপহরণ করা হয়।

সাংবাদিকদের প্রতি জনপ্রতিনিধিদের এমন আচরন ও কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। প্রতিবাদও জানিয়েছেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজ।

জানা যায়, সাংবাদিক ফারুক আব্দুল্লাহ ফেসবুকে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে জনমত গড়ে তুলছেন এমন অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন মোরশেদুর রহমান নাদিম নামে এক যুবলীগ কর্মী। ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে-বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।

ফারুক আব্দুল্লাহ বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী মৌলভী ছৈয়দের বড় ভাই পল্লী চিকিৎসক মুক্তিযোদ্ধা আশরাফ আলীর দাফনের সময় রাষ্ট্রীয় সম্মাননা না দেয়ায় আমি আমার ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছি।

রোববার এমন ঘটনার একদিন পর একুশে পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মো. বেলাল উদ্দিনকে স্থানীয় ছনুয়া ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ চৌধুরীর ১০/১২জন সন্ত্রাসী মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন মো. বেলাল উদ্দিন। পরে পুলিশের সহায়তায় তাকে ওই রাতেই উদ্ধার করা হয় বলে জানা যায়।

সাংবাদিক ফারুক আব্দুল্লাহ এবং মো. বেলাল উদ্দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে গণমাধ্যমকে জানান।