পালিয়েছে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৬ , ১০:৩৪ এএম

পালিয়েছে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত ছবি: সিটিজেন নিউজ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় সিনাহার বোনের করা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। ওই গ্রেফতারী পরোয়ানা বুধবার (৫ আগস্ট) রাতে টেকনাফ থানায় পৌঁছলেও পাওয়া যাচ্ছে না ওসি প্রদীপ ও লিয়াকতকে।

অসমর্থিত এক সূত্র বলছে, ওসি প্রদীপ ও লিয়াকতসহ মামলায় অভিযুক্ত অনেকে বুধবার রাতেই পালিয়েছে।

গ্রেফতারী পরোয়ানার সত্যতা, অভিযুক্তদের গ্রেফতার ও পুলিশের তৎপরতা সম্পর্কে জানতে টেকনাফ থানার দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় কর্মকর্তা, থানার ডিউটি অফিসার, সার্কেল এসপি, অতিরিক্ত এসপির মোবাইলে একাধিকবার কল করা হয়। তবে, এদের কেউই মোবাইল রিসিভ না করায় বিষিয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ওসি প্রদীপ, পুলিশ পরিদর্শক লিয়াকতসহ মামলায় অভিযুক্ত অন্যান্যরা যেকোনও সময় গ্রেফতার হতে পারে এমন ইঙ্গিত দিলেও পুলিশের আরেকটি সূত্র বলছে বুধবার রাতেই ওসি প্রদীপকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত হতে থানা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোন রিসিভ না করায় কোনও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এরআগে, সিনহা হত্যার ঘটনায় বুধবার (৫ আগস্ট) সকালে কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার ও লিয়াকতসহ ৯জনকে আসামি করে মামলা দায়ের করেন সিনহ ‘র বোন শারমিন শাহরিয়া।

আদালত মামলাটি র‌্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশ, মো.রকি, শাহানুর করিম, কামাল হোসেন, লিটন মিয়া, টুটুল ও মোস্তফা।

এদিকে, বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে মেজর সিনহার মৃত্যু‌তে জ‌ড়িত‌দের মৃত্যুদণ্ড কার্যকর কর‌তে হ‌বে দাবি করেন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (রাওয়া)।একই সাথে মেজর সিনহা হত্যা মামলার সব আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানোর দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬) নিহত হন। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত।