সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৫ , ০৯:০৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়ার ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বুধবার (৫ আগস্ট) কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, এতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না।
কক্সবাজারের সেনাবাহিনীর বাংলো জলতরঙ্গে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনী ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। যে ঘটনা ঘটেছে, অবশ্যই সেনাবাহিনী ও পুলিশ বাহিনী তাতে মর্মাহত।
বেনজীর আহমেদ বলেন, ‘ক্রসফায়ার শব্দের সঙ্গে আমরা একমত নই। এটি এনজিওরা বলে। এটি আমাদের এখানে যারা এনজিওগিরি করেন, তারা বিভিন্ন কারণে বিদেশ থেকে পয়সা আনেন। ঝকঝকে গাড়িতে চড়েন, ঝকঝকে অফিসে বসেন। জাস্টিফাই করতে হলে অনেক রকম কথা বলতে হয়। তার মধ্যে ক্রসফায়ার হলো একটি।’
তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে প্রায় ৫০ বছরের সুসম্পর্ক রয়েছে। এই দুই বাহিনীর মধ্যে পরস্পর আস্থা, বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। এই ঘটনায় কোনোভাবেই এর অবনতি ঘটবে না। আমরা পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দিচ্ছি, সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে, তারা সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে তাদের কার্যক্রম চালাতে পারবে। এই ঘটনায় কোনো কোনো মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তারা সফল হবে না।’
বেনজীর আহমেদ বলেন, ‘যদি আরও কেউ মামলা করতে চায়, নাগরিক হিসেবে তার আইনগত সেই অধিকার রয়েছে। মামলা করার ক্ষেত্রে যদি কেউ নিরাপত্তার সংকট অনুভব করেন, তাহলে মামলা সংশ্লিষ্ট সবার নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে আমরা দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ায় সেনা বাহিনী এবং পুলিশ বাহিনী মর্মাহত। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথ তদন্ত টিম কাজ শুরু করেছে। তদন্ত টিমের ওপর আমরা সম্পূর্ণ আস্থাশীল।’
তিনি বলেন, ‘তদন্তে কোনও ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার জন্য ব্যক্তিই দায়ী থাকবেন, প্রতিষ্ঠান দায় নেবে না। এই ঘটনায় সেনাবাহিনী এবং পুলিশ এমন কোনো আচরণ করবে না যার মাধ্যমে দুই বাহিনীর সম্পর্কে চির ধরে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.