কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৩ , ১১:২২ এএম

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কিশোরগঞ্জের হাওরের ইটনায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু ও নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরি দল। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধনু নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে তারা।

নিহতরা হলো- উপজেলার মাগুরী গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামণি (৫), মো. মোখলেছ মিয়ার স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের নৌকার মাঝি হাসান আলী (৭০)।

ইটনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, রোববার দুপুরে উপজেলার মাগুরী গ্রামের হাসান আলী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রোববার সন্ধ্যায় ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় তিনজন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।