চট্টগ্রামে ১৫ হাজার চামড়া ময়লার ভাগাড়ে

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৩ , ১১:১০ এএম

চট্টগ্রামে ১৫ হাজার চামড়া ময়লার ভাগাড়ে ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে রাথা চামড়া সরিয়ে নিচ্ছে সিটি করপোরেশন। আড়তদারদের গাফিলতির কারণে প্রায় ১৫ হাজার নষ্ট চামড়ার নিয়ে ভাগাড়ে ফেলেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এর মধ্যে হাটহাজারী সড়ক থেকে প্রায় আট হাজার নষ্ট চামড়া পরিস্কার করা হয়েছে। এ ছাড়া পাথরঘাটা, চৌমুহনী, চামড়ার গুদাম এলাকা থেকেও অনেক নষ্ট চামড়া ফেলে দেওয়া হয়।

ধার-দেনা করে অল্প লাভের আশায় চামড়া সংগ্রহ করে এখন লোকসানে চোখে অন্ধকার দেখছে চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকা থেকে প্রতিটি চামড়া গড়ে দেড়শ টাকা করে কিনলেও আড়তদাররা এসব চামড়া এখন দশটাকা করেও কিনতে রাজি নয়। এ অবস্থায় নগরীর দেওয়ান হাট, আতুরা ডিপোসহ বিভিন্ন স্থানে সড়কেই চামড়া ফেলে রেখে যাচ্ছে অনেকে। ফলে চরম ক্ষতির মুখে পড়েছে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা।

এদিকে, চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদাররা জানান, অনেকেই  নিয়মমতো সংরক্ষণ করতে পারেনি। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় চামড়ার মানও নষ্ট হয়ে গেছে, তাই এসব চামড়া আর কেনা সম্ভব না।

গত কয়েকবছর ধরে ট্যানারি মালিকরা আড়তদারদের পাওনা পরিশোধ না করায়  এবার চামড়া সংগ্রহ করছে না অনেক আড়তদার। তারপরও চট্টগ্রাম অঞ্চলে পৌনে চার লাখের মতো চামড়া ইতোমধ্যে সংগৃহিত হয়েছে বলে জানান তারা।