সিলেটে বন্দুকযুদ্ধে এক ডজন মামলার আসামি নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৩ , ০৯:৩৬ এএম

সিলেটে বন্দুকযুদ্ধে এক ডজন মামলার আসামি নিহত

সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল মান্নান মুন্না (৩৫) নামে একজন নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভোর রাত ৩টা ৪০ মিনিটের দিকে সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্র-ইয়াবা উদ্ধার করে পুলিশ।

নিহত মুন্না জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াসির আলীর ছেলে।

পুলিশের দাবি, নিহত মান্নান একজন ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রায় ১২টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় রোববার বিকেলের দিকে তাকে পুলিশ গ্রেফতার করে। পরে মুন্নাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে তথ্য দিয়েছিল তার বসতঘরে ইয়াবা ও অস্ত্র রয়েছে। এমন তথ্য পেয়ে রাতে পুলিশ তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাবার পথে অজরগ্রামে পৌঁছার পর তার সঙ্গীরা পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর মুন্নার সহযোগীরা পিছু হাটে। এরপর ঘটনাস্থল থেকে আহতাবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মাদক ব্যবসায়ীদের গুলিতে ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৬টি ধারালো দা ও ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক ৩টি মামলা রেকর্ড করা হবে।