কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০২ , ১২:১০ পিএম

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

কুমিল্লায় হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন।রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছে আরও ৫জন।

নিহতদের মধ্যে শামসুন্নাহার বেগম নোয়াখালী জেলার আটগাঁও গ্রামের সেলিমের স্ত্রী। তবে নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস আড়িখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চালকসহ ৭ জন আহত হন।  খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে এক নারীসহ দুজন মারা যান।