বৃষ্টি নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৯ , ১০:০৫ এএম

বৃষ্টি নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস ছবি: সিটিজেন নিউজ

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে দুর্বলভাবে বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। 

আবহাওয়া অফিস সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।