চট্টগ্রামে ‘অজ্ঞান পার্টির’ ৬ সদস্য গ্রেফতার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৮ , ০৭:৪১ পিএম

চট্টগ্রামে ‘অজ্ঞান পার্টির’ ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করে। সোমবার (২৭ জুলাই) সিএনজি অটোরিকশার চালকদের অচেতন করে অটোরিকশা লুট করে নেওয়ার তাদের গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আবু তাহের রকি (৩০), মোঃ সিরাজ (৫৫), মোঃ মোজাম্মল হক রাসেল (২৮), কাজী নজরুল ইসলাম ওরফে ফয়সাল (৩০), মোঃ আজিজুল হক (৪৫), মোঃ রাশেদ ওরফে সোহেল (২৮)। মঙ্গলবার (২৮ জুলাই)  দুপুরে নগর পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আব্দুর রউফ এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ জুলাই সন্ধ্যায় সার্সন রোড মাউন্ড হাসপাতালের সামনে চালককে চা পান করিয়ে অজ্ঞান করে একটি সিএনজি অটোরিকশা লুট করা হয়। এ ঘটনা তদন্তে নেমে সোমবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা, ৫৮টি চেতনানাশক বড়ি, ৫টি ঝান্ডু বামের কৌটা ইত্যাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ২০ জুলাই সার্সন রোড থেকে সিএনজি অটোরিকশাটি কিভাবে ছিনতাই করেছে সেটার বর্ননা দিয়েছে।

এ সময় কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা, কোতোয়ালী থানার ওসি মোহম্মদ মহসীন ও পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।