খুলশীতে ইয়াবাসহ দুই ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৬ , ০৯:০৭ পিএম

খুলশীতে ইয়াবাসহ দুই ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পলিটেকনিক মোড় এলাকা থেকে ৩৫০টি ইয়াবাসহ তাদের গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মনির হোসেন প্রকাশ কেহের মান (২৭) ও মো. মামুন (২৩)। তারা বাকলিয়া থানার বউবাজার এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, তারা দুজন বাকলিয়া থানা এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।তার মধ্যে মনির হোসেনের বিরুদ্ধে বাকলিয়া থানা এবং কোতয়ালী থানায় ৬ টি মাদক মামলা ও মামুন এর বিরুদ্ধে বাকলিয়া থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পলিটেকনিক মোড় এলাকা থেকে ৩৫০টি ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা বাকলিয়া থানার তালিকাভুক্ত কুখ্যাত মাদক কারবারি।দুইজনই আগে একাধিকবার গ্রেফতার হয়েছে। জামিন পেয়ে পুণরায় তারা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।এ ব্যাপারে খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।