চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৬ , ০৪:৪৬ পিএম

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫৪ জন মারা গেছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৯২৮ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জনের। মোট শনাক্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।

আজ রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯২ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৪৪ শতাংশ।

এদিকে, মৃত ৫৪ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১৪ জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৩০৬ জন, ৭৮.৭৬ শতাংশ। এবং নারী মৃত্যুবরণ করেছেন ৬২২ জন, ২১.২৪ শতাংশ।

বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৮ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৭ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১-৯০ বছরের মধ্যে ৩ জন মারা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১ এবং সিলেট বিভাগে ৬ জন জন মৃত্যুবরণ করেছে।