করোনাভাইরাস: পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামে!

 মুহাম্মদ মোবারক আলী
আপডেট: ২০২০-০৭-২৬ , ১০:৫৭ এএম

করোনাভাইরাস: পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামে!

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের হিসেবে ঢাকার পরের অবস্থানেই রয়েছে চট্টগ্রাম মহানগরী। চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় সাড়ে ১৩হাজার জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন প্রায় ২ শতাদিক।  তবে, গত জুন থেকে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়লেও জুলাই এর শেষের ‍দিকে কমতে শুরু করেছে।

জানা যায়, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৮৩ জনের করোনার নমুনা পরীক্ষায় ৭০ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরের ৬৩ জন এবং বিভিন্ন উপজেলার ৭ জন।

করোনার শুরু থেকে চট্টগ্রাম বিআইটিআইডিতে পরীক্ষা শুরু করলেও পরে পরীক্ষায় এগিয়ে আসে আরও কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে এইসব প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা হচ্ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত জুন ও জুলেইয়ের শুরুর দিকে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও জুলাইয়ের শেষের দিকে তা অনেকটাই কমে এসেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৮৩ জনের করোনার নমুনা পরীক্ষায় ৭০ জনের পজিটিভ এসেছে। এনিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার, ৬৯৯জন। মোট মৃত্যু বরণ করেছেন ২২৮ জন ও এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৩৪জন।

তিনি বলেন,  ‘বিগত দিনের তুলনায় চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। মানুষ অসুস্থ হলে ঘরে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আবার ফি এর কারণে পরীক্ষা করাতে আসছেন না। আসলে চট্টগ্রাম স্বস্তির নিশ্বাস নিচ্ছে কিনা তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে আসন্ন কোরবানীর ঈদের পর।’

সিভিল সার্জন বলেন, ‘মানুষ প্রথমদিকে স্বাস্থ্যবিধি না মানলেও পরে মানুষ বুঝতে পেরেছে। যার কারণে অনেকটাই কমে এসেছে করোনা রোগীর সংখ্যা। করোনার এই ভয়াল থাবা থেকে রক্ষা পেতে চট্টগ্রামবাসীকে আরও সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি। ’

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৭৪ জনে।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫২০ জনের। মোট শনাক্ত হয়েছে ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন। এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২২ হাজার ৯০ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।