ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লাহ আর নেই

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৫ , ০৫:৪৮ পিএম

ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লাহ আর নেই ছবি: সিটিজেন নিউজ

কেন্দ্রীয় ঔষধাগারের সদ্য বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লাহ আর নেই। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদি কেনাকাটা নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া শহীদুল্লাহ গত ৩০ মে জনপ্রশাসন সচিবকে চিঠি দেন। ওই চিঠিতে তিনি সিএমএসডিসহ গোটা স্বাস্থ্য খাতকে ‘সিন্ডিকেট বাণিজ্যমুক্ত’ করার অনুরোধ জানান।

চিঠিতে সিএমএসডিসহ স্বাস্থ্য খাতে ঠিকাদার চক্রের ইশারায় বদলি, পদায়নসহ নানা বিষয় তুলে ধরেন। এ ছাড়া করোনাকালে স্বাস্থ্যসেবায় সমন্বয়হীনতার চিত্র উঠে আসে তার চিঠিতে। এতে এই সেনা কর্মকর্তা সিএমএসডির ক্রয় প্রক্রিয়ায় সরকারি এবং সাপ্লাইয়ার (ঠিকাদার) পরিবেষ্টিত দুষ্টচক্র বা সিন্ডিকেট বাণিজ্যের আধিপত্য সম্পর্কেও তথ্য দিয়েছেন।