কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২৫ , ০৯:৩৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনীস্থ ছ্যুরিখাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ১নং রোহিঙ্গা ক্যাম্প এইচ/৩৯ ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহ ছেলে মো. ফেরদৌস (৩০) ও একই ক্যাম্পের এইচ/২০ ব্লকের মৃত সৈয়দ আহমদের ছেলে আব্দুস সালাম (৩৫)।
বিজিবির দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, লেদা বিওপির সদস্যরা সীমান্তে টহল দেয়ার সময় ওই এলাকার মোচনীস্থ ছ্যুরিখাল এলাকা দিয়ে রাতের অন্ধকারে মিয়ানমার থেকে কিছু লোক সাতরীয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় বিজিবি’র ৩ সদস্য আহত হয়। কোন উপায়ন্তর না দেখে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করে।
‘এক পর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা (যার বাজার মূল্য ৬ কোটি ৩০ লাখ), ১টি দেশিয় তৈরি এলজি বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ধারালো কিরিচসহ ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্তের পর দ্রুত তাদের চিকিৎসার জন্য টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
মরদেহ দুটি ময়নাতদন্তের সদর হাসপাতালেরে মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। জব্দকৃত ইয়াবা ও অস্ত্র টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে বলেও জানান বিজিবির এই অধিনায়ক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.