বায়েজিদে বন্দুকযুদ্ধে ‘সিরিয়াল ধর্ষক’নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৩ , ০৭:৪৪ এএম

বায়েজিদে বন্দুকযুদ্ধে ‘সিরিয়াল ধর্ষক’নিহত ছবি: সিটিজেন নিউজ

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সিরিয়াল শিশু ধর্ষক বেলাল হোসেন দফাদার (৩৯)নামে একজন নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) ভোররাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্র এবং ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত বেলাল আগে বায়েজিদ বোস্তামি এলাকায় থাকতো। বর্তমানে সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকায় বসবাস করছিল বলে জানা যায়।

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত বেলাল দফাদার সিরিয়াল রেপিস্ট। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১০টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, চকলেটের লোভ দেখিয়ে, টাকার বিনিময়ে লাকড়ি সংগ্রহ করে দেয়ার প্রলোভনে সিএনজি অটোরিকশায় তুলে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়া হতো। ধর্ষণ শেষে আলামত নষ্ট করতে গোসল করানো হতো। শিশুরা কান্নাকাটি করলে ছুরি দিয়ে ভয় দেখানো হতো।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় পাঁচ, আকবর শাহ এলাকায় দুই ও খুলশী এলাকায় একজনসহ আট জন বিভিন্ন বয়সের শিশু ধর্ষণের শিকার হয়। অনুসন্ধানে বেলাল দফাদারের সম্পৃক্ততার তথ্য পেয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার করতে গেলে শান্তিনগর আবাসিক এলাকায় পাহাড়ে বেলালের সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে বেলাল মারা যায়।

এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১টি এলজি,৮ টি কার্তুজ, ১টি অটো রিক্সা (সিএনজি), ৫০০ পিস ইয়াবা ও ১৫টি যৌন উত্তেজক ঔষুধ উদ্ধার করেছে বলে জানান তিনি।