বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগে চট্টগ্রামবাসী

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২০ , ১২:৩৯ পিএম

বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগে চট্টগ্রামবাসী ছবি: সিটিজেন নিউজ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল ডুবেছে হাঁটু পানিতে। জোয়ার ও বৃষ্টির পানি এক হয়ে বাড়াচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ। রাস্তায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় বেড়ে গেছে যানজট। বৃষ্টির পানি ঢুকে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ায় কর্মস্থলমুখী মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

দিনভর মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ায় চট্টগ্রাম বন্দরেও ব্যাহত হয়েছে পণ্য উঠানামার কার্যক্রম।

এদিকে টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, চকবাজার, খাতুনগঞ্জ, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ অধিকাংশ নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। শুধু সড়কে নয়, অলিগলি উপচে বাসা ও দোকানপাটেও ঢুকেছে পানি। ফ্লাইওভারের নিচেও জমেছে হাঁটু পানি।

জানা যায়, চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬১৬ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ করোনার কারণে বন্ধ আছে। তিন বছর মেয়াদকালের এ প্রকল্পের দুই বছর পার হয়েছে। এখনও খাল খনন, খাল পরিষ্কার করাসহ অনেক কাজ বাকি।

ইতোমধ্যে জলাবদ্ধতা নিরসনে নগরের পাথরঘাটার টেকপাড়া, কলাবাগিচা ও মরিয়ম বিবি খাল, ফিরিঙ্গিবাজার খাল, চাক্তাই খাল এবং রাজাখালী খালে বাঁধ দেওয়া হয়েছে। স্লুইসগেট নির্মাণের জন্য মহেশখালেও বাঁধ দেওয়া হয়েছে।