ফের ৪ দিনের রিমান্ডে আরিফ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৫ , ০৮:২২ পিএম

ফের ৪ দিনের রিমান্ডে আরিফ ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীর আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার তাকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রোববার দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে পুলিশ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডা. সাবরিনাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।