বান্দরবানে হাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১২ , ১১:১২ এএম

বান্দরবানে হাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি ছবি: সিটিজেন নিউজ

বান্দরবানের লামায় বন্য হাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। একদিনে টানা বৃষ্টি অপরদিকে হাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত ওই কৃষক এখন অসহায় হয়ে পড়েছে।

জানা যায়,  উপজেলার ফাঁসিয়াখালীতে একটি বন্য হাতির পাল ধান, সবজি ও আঁখ ক্ষেতে হানা দিয়ে এক কৃষকের বিপুল পরিমাণ ফসল খেয়ে ও পায়ে মাড়িয়ে ব্যাপক বিনষ্ট করেছে। ঘটনার খবর পেয়ে পরদিন সকালে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, মৌসুমের শুরুতে তার বাড়ির পাশে ১ একর ২০ শতক জমিতে ভালো ফসলের আশায় বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে ওই জমিতে ধানসহ বিভিন্ন সবজি ও আঁখ চাষ করেছেন। নানা প্রতিকুলতায় পরিচর্চার ফলে ক্ষেতও সবুজের সমাহার হয়ে উঠেছিল। কিন্তু ঘটনার দিন রাত আনমানিক ৩ টার দিকে ৮ -১০টি বুনো হাতির একটি পাল তার নতুন ধান ক্ষেতের বীজ তলা ও সবজি এবং আঁখ ক্ষেতে হানা দিয়ে তান্ডব চালিয়ে তার প্রায় দেড়লাখ টাকার ক্ষতিসাধন করেছে।

এবিষয়ে জানতে চাইলে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত তিনি বলেন, ইউনিয়নের বড় ছনখোলা এলাকায় রশিদ আহমদ নামের এক কৃষকের ফসলে একটি বন্য হাতির পাল তান্ডব চালিয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা আমাকে বিষয়টি জানিয়েছেন। তবে ওই কৃষকের যদি বেশি ক্ষতিসাধন হয়েথাকে, তবে তাকে সরকারি ভাবে আর্থিক সুবিধা পায়মতো সহযোগিতা করা হবে।