কর্ণফুলীতে বৈদ্যুতিক ফাঁদে আটকে যুবকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১১ , ০৩:৫৬ পিএম

কর্ণফুলীতে বৈদ্যুতিক ফাঁদে আটকে যুবকের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মন্নান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড একটি পেরেক কারখানা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবদুল মান্নান স্থানীয় মৃত আবদুল বারেকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি পেরেক কারখানার টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় কারখানায় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

সিএমপি কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে কোন এসময় কারখানায় ঢুকতে গিয়ে বৈদ্যুতিক ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।’