সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আর নেই

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১০ , ০১:৩৬ এএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আর নেই ছবি: সিটিজেন নিউজ

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (৯ জুলাই) থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান। তিনি জানান, ব্যাংকক স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) বামুনগ্রাদ হাসপাতালে অ্যাডভোকেট সাহারা খাতুন ইন্তেকাল করেন।

জানা গেছে, গত ২ জুন সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারো তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর তার অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই তাকে থাইল্যান্ড নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

১৯৪৩ সালের পহেলা মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্ম গ্রহণ করেন সাহারা খাতুন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদ ঢাকা-১৮ আসনের সংদস সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন। এর আগে, ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে তিনি পান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।