চট্টগ্রামে শিশু হত্যা মামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৮ , ১১:৫১ এএম

চট্টগ্রামে শিশু হত্যা মামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় তিন বছরের শিশু হত্যা মামলার আসামী জসিম উদ্দিন রাজু (৩২) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। বুধবার (৮ জুলাই) ভোরে ডবলমুরিং থানার পাহাড়তলী ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত রাজু তিন বছরের শিশু মেহেরাব হত্যা মামলার একমাত্র আসামী। তার বিরুদ্ধে হালিশহর, ডবলমুরিং ও বন্দর থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাস ও জন নিরাপত্তা আইনে প্রায় ১৩টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে হাজীপাড়ার জলিল ম্যানসন বাড়িতে জসিম উদ্দিন রাজুর সাথে তার ছোট ভাই রাশেদের বউ নিলু আকতারের ঝগড়া হয়। এসময় রাজু আপন ভাতিজা নিলুর ছেলে মেহেরাবকে (৩) ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠায় এবং ঘটনার রাতেই নিহত শিশুর মা বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাশ গণমাধ্যমকে জানান, মামলা দায়ের এর সাথে সাথে পুলিশ আসামি রাজুকে গ্রেফতার করতে অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে পুলিশ পাহাড়তলী ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে গেলে সেখানে সহযোগীদের নিয়ে অবস্থান করা রাজু তার বাহিনী নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং গুলি বর্ষণ শুরু করে। পুলিশ পাল্টাগুলি চালালে দুপক্ষের বন্দুকযুদ্ধে আসামি রাজু নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি কার্তুজ, ৪ রাউন্ড গুলির খোসা, একটি ধারালো ছুরি ও ৮৭৫টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।