রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৮ , ০৯:৪৪ এএম

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা ছবি: ইন্টারনেট

করোনা পরীক্ষা না করে ভুয়া সার্টিফিকেট প্রদানসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মামলায় প্রধান আসামিসহ ৯ জন আসামিকে পলাতক দেখিয়ে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।

আসামিরা হলেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ, রিজেন্ট হাসপাতালের কর্মী তরিকুল ইসলাম, আবদুর রশিদ খান জুয়েল, মো. শিমুল পারভেজ, দীপায়ন বসু, আইটি কর্মকর্তা মাহবুব, সৈকত, পলাশ, প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব (১), হেলথ টেকনিশিয়ান আহসান হাবীব (২), হেলথ টেকনোলজিস্ট হাতিম আলী, অভ্যর্থনাকারী কামরুল ইসলাম, রিজেন্ট গ্রুপের প্রকল্প প্রশাসক মো. রাকিবুল ইসলাম, রিজেন্ট গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা অমিত বণিক, রিজেন্ট গ্রুপের গাড়িচালক আবদুস সালাম ও নির্বাহী কর্মকর্তা আবদুর রশিদ খান।

এর আগে দুপুরে ওই হাসপাতালের রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়। উত্তরায় রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা ও প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।