চট্টগ্রামে নব্য জেএমবি নেতা আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৭ , ০৬:০০ পিএম

চট্টগ্রামে নব্য জেএমবি নেতা আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র এক নেতাকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের একটি টিম।রবিবার দিবাগত রাতে পৌনে ২ টার দিকে উপজেলার পদুয়া এসি.এম.উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি মোবাইল  সেট, ৮/১০টি জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রান্ত ৬/৭টি মোবাইলের স্ক্রিনশর্ট কপি ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের দাবি, আটককালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নব্য জেএমবি’র ৮/৯ সদস্য পালিয়ে যায়।

আটক জঙ্গি নেতা আব্দুল কাইয়ুম (২৩) উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার আব্দুস শুক্কুরের ছেলে। আটকের পর জঙ্গি নেতা কাইয়ুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিসহ পালিয়ে যাওয়া জঙ্গি সদস্যরা ‘নব্য জেএমবি’র বিভিন্ন স্তরের নেতা বলে স্বীকার করেন।

বিষয়টি নিশ্চিত করে এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান শেখ বাদী হয়ে লোহাগাড়া থানায় আটক আব্দুল কাইয়ুমসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নিয়মিত মামলায় রুজু হয়েছে। সূত্রে জানা গেছে মামলাটি এন্টি টেররিজম ইউনিটই তদন্ত করছেন বলে জানা গেছে।