কুমিল্লায় একই পরিবারের তিনজন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৭ , ০৩:০৮ পিএম

কুমিল্লায় একই পরিবারের তিনজন নিহত ছবি: সিটিজেন নিউজ

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। অপরজন তাদের সঙ্গে থাকা ১২ বছর বয়সের নাতি।  আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টায় দাউদকান্দি-চাঁপুরের মতলব সড়কের কাজিরকোনা এলাকায় দুর্ঘটনা ঘটে। তারা ঢাকা থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ যাচ্ছিলেন। 

নিহতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম (৮০), স্ত্রী জাহানারা বেগম (৭০) ও ১২ বছরের নাতি আবু বকর সিদ্দিক। 

দাউদকান্দি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়িসহ নিহতদের উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’