গোলাগুলিতে ২জন নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-০৭ , ১২:৪৪ পিএম

গোলাগুলিতে ২জন নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার ছবি: প্রতীকী

কক্সবাজারের টেকনাফ থানাধীন এলাকায় পুলিশের সাথে গোলাগুলিতে ২জন নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়ন পশ্চিম মহেশখালীয়া পাড়া ৯নং ওয়ার্ড কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি দেশিয় তৈরী এলজি, ১০ হাজার পিস ইয়াবা, ৯ রাউন্ড কার্তুজ ও নগদ ১লাখ ৫হাজার টাকা উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়ন মৌলভী বাজার এলাকার মৃত সুলতান আহাম্মদের পুত্র সাদ্দাম হোসেন (২০), হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আলী আহাম্মদের পুত্র আব্দুল জলিল (৩০)।

পুলিশের দাবী, ঘটনায় এসআই মশিউর রহমান, কনষ্টেবল অভিজিৎ দাশ ও এমরান হোসেন নামে তিন পুলিশ আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ইয়াবা কারবারে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অপরাধীদের ছোঁড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয় এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাদেরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রনয় রুদ্র উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে সেখানে পৌঁছার পর দায়িত্বরত ডাক্তার দুই জনকে মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যে সমস্ত অপরাধীরা মাদক কারবারে লিপ্ত রয়েছে তাদের চিরতরে নির্মুল করার জন্য পুলিশের মাদক বিরোধী চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে।