লঞ্চডুবিতে দোষীদের শাস্তি হবে: নৌ প্রতিমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০১ , ০৪:৫৪ পিএম

লঞ্চডুবিতে দোষীদের শাস্তি হবে: নৌ প্রতিমন্ত্রী ছবি: সিটিজেন নিউজ

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে জা‌নি‌য়ে‌ছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া ওই ঘটনায় গ‌ঠিত তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দেবে বলেও উল্লেখ করেন প্র‌তিমন্ত্রী।

বুধবার চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের করোনা চিকিৎসার জন্য ৬০ শয্যার বিশেষায়িত ইউনিট ও নতুন হাসপাতাল ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টদের সাহসী পদক্ষেপের কারণে করোনাকালে বন্দরের অপারেশন (কর্মকাণ্ড) একমুহূর্তের জন্যও বন্ধ হয়নি। ১০ বছরে চট্টগ্রাম বন্দর বিশ্বের সেরা ১০০ কন্টেইনার হ্যান্ডলিংকারী বন্দরের তালিকায় ৬৪ তম অবস্থানে এসেছে। আমরা চাই ৩০-৫০ তম অবস্থানের মধ্যে চলে আসতে।

‌তি‌নি আরও ব‌লেন, চট্টগ্রাম বন্দরের আওতায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে টার্মিনাল, পিসিটিসহ অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তাই বন্দরের জন্য শুধু উদ্ধারকারী জাহাজ নয়, হেলিকপ্টার কেনারও পরিকল্পনা রয়েছে।