রংপুরে ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০১ , ০২:২৩ পিএম

রংপুরে ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত ছবি: ইন্টারনেট

রংপুরের তারাগঞ্জে রডবোঝাই একটি ট্রাক উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন শ্রমিক গুরুতর আহত হন। বুধবার (১ জুলাই) দুপুরের দিকে উপজেলার অনন্তপুর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের সমসের আলী ছেলে ফরহাদ হোসেন (২৫), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পাচু মাহমুদের ছেলে খয়রাত হোসেন (৫০), একই এলাকার দর্জিপাড়ার ভেরা বানিয়ার ছেলে অনিল চন্দ্র (৪৫) ও দোলাপাড়া এলাকার কচি মাহমুদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)।

পুলিশ জানায়, দুপুরের দিকে দিনাজপুর থেকে রডবোঝাই করে তারাগঞ্জ উপজেলার ব্যবসায়ী আতিয়ার রহমানের গুদামে যাচ্ছিল ট্রাকটি। পথে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা শ্রমিকরা রডের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।