চট্টগ্রামে কোকেনকাণ্ডে ১০ জনের বিরুদ্ধে র‌্যাবের অভিযোগপত্র

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৯ , ০৮:২১ পিএম

চট্টগ্রামে কোকেনকাণ্ডে ১০ জনের বিরুদ্ধে র‌্যাবের অভিযোগপত্র ছবি: ইন্টারনেট

চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত মামলা কোকেন চোরাচালান। ৯ কোটি টাকার তরল কোকেন চালান আটক ও মামলা পরবর্তী ৫ বছর পর ১০ জনের বিরুদ্ধে র‌্যাব অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক দুই সহোদর নূর মোহাম্মদ ও মোস্তাকও রয়েছেন।

সোমবার (২৯ জুন) মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন র‌্যাবের তদন্ত কর্মকর্তা পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, কোকেন চোরাচালান মামলার অভিযোগপত্র দাখিল করেছে র‌্যাব। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি তিনি।

সূত্র জানায়, র‌্যাবের দাখিল করা অভিযোগপত্রে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন আমদানিকারক প্রতিষ্ঠান খাতুনগঞ্জের খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ, প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তাফা, আবাসন ব্যবসায়ী মোস্তাফা কামাল, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক একে আজাদ, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম, লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান, মৌলভীবাজারের বকুল মিয়া এবং খানজাহান আলী লিমিটেডের পরিচালক মোস্তাক আহমদ।

এ মামলায় জামিনে গিয়ে পলাতক আছেন নূর মোহাম্মদ।