করোনায় প্রতিরক্ষা সচিব মোহসীন চৌধুরীর মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৯ , ১১:৪৮ এএম

করোনায় প্রতিরক্ষা সচিব মোহসীন চৌধুরীর মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। 

সচিবের প্রশাসনিক কর্মকর্তা ভাষানী মির্জা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল পৌনে ৯টার দিকে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ৯টা ৩৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।’

ভাষানী মির্জা জানান, করোনা পজিটিভ হওয়ার পর গত ১৯ মে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে সিএমএইচ ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৬ জুন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

পরে অবস্থার আরও অবনতি হলে গত ১৮ জুন থেকে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে শতভাগ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বলেও জানান তিনি।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ০১ জানুয়ারি ১৯৬৩ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডার সদস্য হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন। 
 
জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ০৯ জানুয়ারি সিনিয়র সচিব পদ চালু করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পরেই সিনিয়র সচিবদের অবস্থান।