২৪ ঘন্টায় মারা গেলেন ৩৮ জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২২ , ০২:৪১ পিএম

২৪ ঘন্টায় মারা গেলেন ৩৮ জন ছবি: সিটিজেন নিউজ

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন আরও ৩৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন। সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা।

এদিকে আজ সোমবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ৩০ হাজার ২৫৪ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯০ লাখ ৩৮ হাজার ৮০৯ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৩ হাজার ৩৩৮ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৬০৪ জনে ঠেকেছে। আর সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৪৮ লাখ ৩৮ হাজারের মতো মানুষ। 

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।