নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২২ , ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত
সাধারণ মানুষ পুলিশের কাছে নয়, বরং সেবা নিয়ে পুলিশ যাবে জনগণের দোরগোড়ায়। ঠিক এমনটিই চান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বর্তমান প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের কাছে সেবা নিয়ে যাওয়া নিশ্চিত করতে আইজিপি সব ইউনিট প্রধানদের নির্দেশনাও দিয়েছেন। তিনি চান পুলিশকে আরো উন্নত এবং আধুনিক করে জনগণের খুব নিকটে নিয়ে যেতে।
ড. বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের দেশের প্রতিটি ইউনিয়নকে একেকটি বিটে ভাগ করে প্রতিটি বিটের দায়িত্বে একজন পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত করা হবে। তিনি নিয়মিত ওই ইউনিয়নের মানুষের সুযোগ-সুবিধা ও সমস্যা ইত্যাদির খোঁজখবর নিবেন। প্রতিনিয়ত জনসাধারণের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের মতামত জানবেন। তাৎক্ষণিকভাবে সাধারণের সমস্যার সমাধান করবেন এবং কাঙ্ক্ষিত সেবা প্রদান করবেন।’
সোমবার (২২ জুন) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. বেনজীর আহমেদ বলেন, ‘করোনার সময় জনগণকে আমাদের কাছে আসতে হয়নি। আমরা জনগণের কাছে গেছি। তাদের পাশে থেকেছি। তাদেরকে করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে গিয়ে নিজেরা আক্রান্ত হয়েছি। জীবন বিলিয়ে দিয়েছি। তাদের বাসায় খাবার পৌঁছে দিয়েছি। যাতায়াতের ব্যবস্থা করেছি। তাদের ধান কাটার ব্যবস্থা করেছি। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির আপনজনরা যখন কাছে আসেনি, তখন আমরা মৃতের লাশ দাফন এবং সৎকারের ব্যবস্থা করেছি।’
আইজিপি বলেন, ‘এটা আমাদের দায়িত্ব ছিল না, কিন্তু আমরা মানবিক দায়িত্ববোধ থেকে কাজটি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী এ অনবদ্য ভূমিকার জন্য আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। দেশবাসী অকুণ্ঠচিত্তে আমাদের প্রশংসা করছেন। দেশের জ্ঞানী গুণী ব্যক্তিরা আমাদের পক্ষে কলম ধরেছেন। আমরা মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিতে পেরেছি।’
পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘কোনও পুলিশ সদস্য অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করতে পারবেন না। দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে কেউ যদি বড়লোক হতে চায়, তাহলে সে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুক। বড়লোক হোক, আমরা তাকে সাধুবাদ জানাবে। কিন্তু পুলিশে থেকে কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা যাবে না।’
বেনজীর আহমেদ তার বক্তব্যের শুরুতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে আত্মদানকারী পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি করোনায় মৃত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে আক্রান্ত হওয়া পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.