২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডে আদালতে জবানবন্দি রেকর্ড

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২১ , ০৯:০৩ পিএম

২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডে আদালতে জবানবন্দি রেকর্ড ছবি: সংগৃহীত

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত তিন মানবপাচারকারী আদালতে আজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২১ জুন) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে তিনজন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

জবানবন্দি রেকর্ড শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে একই আদালত নাছির উদ্দিন নামের অপর এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া তিনজন হলেন- জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির ও কবির হোসেন।

এদিন এ চার আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সিআইডি পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির ও কবির হোসেনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপরদিকে নাছির উদ্দিনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন ১১ জন। বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে অভিবাসী শ্রমিকদের ওই চক্রের সঙ্গে মারামারি হয়। এতে এক মানবপাচারকারী নিহত হন। এরই প্রতিশোধ হিসেবে সেই পাচারকারীর লোকজন এ হত্যাকাণ্ড ঘটায়।