করোনায় মারা গেলেন সাংবাদিক কামাল লোহানী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২০ , ১২:৫৬ পিএম

করোনায় মারা গেলেন সাংবাদিক কামাল লোহানী ছবি: সংগৃহীত

ভাষা সৈনিক ও প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এই সংস্কৃতিজন আজ শনিবার (২০শে জুন) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউ'তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শুক্রবার (১৯শে জুন) সকালে, সাগর লোহানী ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে কামাল লোহানীর করোনা পজিটিভের তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলো, কামাল লোহানীর দুটি কিডনীই কাজ করা বন্ধ করে দিয়েছিলো। এছাড়া হার্টের সমস্যা ও উচ্চ রক্তচাপের পাশাপশি ফুসফুসেও পানি এসেছিলো তার। এর আগে, গত বুধবার (১৭ই জুন) হেলথ অ্যান্ড হোপ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়েছিলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দ সৈনিককে।

তি‌নি দীর্ঘদিন থে‌কে ক্রনিক কিডনি ফেইলিওর, ফুসফুসে পানি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বাধ্যক্যজ‌নিত নানা সমস্যায় ভুগ‌ছেন। গত মা‌সেও তি‌নি অসুস্থ হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ছিলেন।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার খান মনতলা গ্রামে ১৯৩৪ সালের জন্মগ্রহণ করেন কামাল লোহানী। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নেয়ার মধ্য দিয়ে তার রাজনীতিতে হাতেখড়ি। ১৯৫৫ সালে গ্রেফতার হলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান, তাজউদ্দীন আহমদের সঙ্গে একই জেলকক্ষে বন্দিজীবন কাটান। সেই বন্দি দিনগুলোতে তিনি বঙ্গবন্ধুর সন্নিকটে আসেন। ষাটের দশকের শেষভাগে ন্যাপের রাজনীতিতে জড়িয়ে কামাল লোহানী যোগ দেন আইয়ুববিরোধী আন্দোলনে। মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠকও তিনি।