নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৮ , ০৫:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন করোনা রোগী। এ নিয়ে দেশে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হলো ১,৩৪৩ জনের। আর, করোনায় মোট শনাক্ত হলেন ১ লক্ষ ২ হাজার ২৯২ জন ব্যক্তি।
দেশে করোনা শনাক্ত হওয়ার ১০৩ তম দিনে আজ বৃহস্পতিবার (১৮ই জুন), রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। আর, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,২৫৯টি। এরমধ্যে ৩,৮০৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.২৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৫০৩টি।
নাসিমা সুলতানা আরও জানান, ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ এবং ৭ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ। আর, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৯৭৫ জন। এ নিয়ে করোনামুক্ত হয়েছেন মোট ৪০ হাজার ১৬৪ জন।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু এরপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। ইতিমধ্যেই দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি তুলে নিয়েছে সরকার। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। তবে, কিছু জায়গায় রেড জোন চিহ্নিত করে চলছে এলাকাভিত্তিক লকডাউন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.