বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ’লীগ নেতা নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৬ , ১০:৩৫ এএম

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ’লীগ নেতা নিহত ছবি: প্রতীকী

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে কুহালং ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে। সোমবার (১৫ জুন) রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তিনি মারা যান।

নিহতের নাম চাইন ছাহ্লা(৩৮)। তিনি বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

বান্দরবান সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে সিটিজেন নিউজকে জানান, চাইন ছাহ্লাকে বাকিছড়া লামার পাড়ার বাসিন্দা মংউসে মারমা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পড়ে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে তিনি মারা যান। 

ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বালে জানান ওসি।