অর্ধকোটি টাকার হেরোইনসহ দম্প‌তি আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৫ , ০৩:০২ পিএম

অর্ধকোটি টাকার হেরোইনসহ দম্প‌তি আটক ছবি: সিটিজেন নিউজ

রাজধানীর এলিফ্যান্ট রোড থে‌কে কুরিয়ার সার্ভিসে আমের ঝুড়ি ও কুকারের ভেতরে করে আনা আধা কেজি হেরোইনসহ এক দম্প‌তি আটক করেছে র‍্যাব-২। সোমবার সকা‌লে র‍্যাব-২ এর পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের আটক ক‌রা হয়। এই হেরোইনের দাম আনুমানিক ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে।

আটকরা হ‌লেন- হাবিবুর রহমান বাবু (২৯) ও দিলরুবা দিপা (২৭)। তারা চাপাইনবাবগঞ্জ সদরের চাকপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা ফারুকী জানান, আটকরা দীর্ঘদিন ধ‌রে কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য, মৌসুমি ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্যাদি পাঠা‌নোর আড়ালে হেরোইন পাচার করে আসছে। স্থানীয়ভাবে আসামীদের সম্পর্কে যাচাই-বাছাই কালে জানা যায়, তারা স্বামী স্ত্রী হিসেবে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় বসবাস করে। স্বামী ও স্ত্রী শাড়ী ও লুঙ্গির ব্যবসা করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত।

দীর্ঘদিন ধরে কুরিয়ারে শিশু খাদ্য, মৌসুমি ফল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের আড়ালে হেরোইন বিভিন্ন জায়গায় পাঠাতো। এভাবে প্রতি মাসে ৩ থেকে ৪ টি চালান আনা হতো। যেখানে ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকার হেরোইন সরবরাহ হয়।তাদের বিরুদ্ধে মাদক আইনে রাজধানীর নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে।