দুবাই থেকে দেশে ফিরলেন ৩৯১ বাংলাদেশি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৩ , ১০:১৩ পিএম

দুবাই থেকে দেশে ফিরলেন ৩৯১ বাংলাদেশি ছবি: সিটিজেন নিউজ

করোনা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৯১ বাংলাদেশি দেশে ফিরেছেন।  শনিবার (১৩ জুন) ভোর ৪টা ৩৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল (শুক্রবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালি ফিরে যান ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে মালয়েশিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

প্রসঙ্গত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১৬ জুন থেকে সীমিত পরিসরে যুক্তরাজ্য ও কাতার রুটে বিমান চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকা-যুক্তরাজ্য-ঢাকা যাত্রী পরিবহন করা যাবে। অন্যদিকে দোহা-ঢাকা-দোহা রুটে শুধুমাত্র ট্রানজিট যাত্রী পরিবহন করা যাবে।