করোনা: লাশের সারি লম্বা হচ্ছে চট্টগ্রামে

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৩ , ১১:২৩ এএম

করোনা: লাশের সারি লম্বা হচ্ছে চট্টগ্রামে ছবি: সিটিজেন নিউজ

পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে ঢাকার পর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা চট্টগ্রামে বেশি। অথচ চিকিৎসা সেবা এবং নানান অযুহাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে শুরু করেছে- এমন অভিযোগ নগরীর বেসরকারী হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে। শুক্রবার (১২ জুন) পর্যন্ত আক্রান্ত চার হাজার ৫শ ৯৩ জন আর মৃত্যু ১০৬ জন।

জানা যায়, চট্টগ্রাম নগরীর প্রায় ২০টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসার জন্য দেড় হাজারের বেশি শয্যা থাকলেও আক্রান্ত রোগী ভর্তি আছে ১শ’রও কম। নানা সমস্যা দেখিয়ে বেশিরভাগ হাসপাতালই ভর্তি করছে না করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে আসাদের।

গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ এবং স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক চিত্রে দেখা গেছে, কেউ হাসপাতালের ফটকে, কেউ গাড়িতে বা কেউ রাস্তায় প্রাণ হারিয়েছেন চিকিৎসা না পেয়ে। করোনার চেয়ে চিকিৎসাহীনতায় মৃত্যুর সারি বাড়ছে চট্টগ্রামে।

তবে, চিকিৎসা না পেয়ে এমন মৃত্যুর অভিযোগে বেসরকারী হাসপাতাল ক্লিনিকের দায়িত্বপ্রাপ্তরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, আইসিইউ সঙ্কটের কারণে তারা রোগী ভর্তি নিতে পারছেন না।

এই বঞ্চনায় সবচেয়ে বেশি কাঠগড়ায় বেসরকারি হাসপাতালগুলো। বারবার নির্দেশনার পরও তা মানছেনা তারা। তবে শেষপর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু রোগী ভর্তি করালেও সংখ্যায় তা নগন্য। অনেক হাসপাতালেই চালু নেই আইসিইউ। অনেককেই ফিরিয়ে দেয়া হচ্ছে ফটক থেকে।

এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে অভিযান শুরু করেছে প্রশাসন। তাতে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী তাদের।  

ইতিমধ্যে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসা সেবা না দিলে বেসরকারী হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে।