বা‌য়ে‌জি‌দে কিশোরী ধর্ষণসহ তিন মামলার আসামী গ্রেফতার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৯ , ০৯:৪১ পিএম

বা‌য়ে‌জি‌দে কিশোরী ধর্ষণসহ তিন মামলার আসামী গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় কিশোরী ধর্ষণের দায়ে মো. ইসমাইল (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ জুন) সকালে শহিদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৭) একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃত মো. ইসমাইল (৩২) শহিদনগর নুর ইসলাম সর্দারের বাড়ির মৃত মো. আবু তাহেরের ছেলে।

র‌্যাবের দাবি, ইসমাইলের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানায় ২ টি মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, রবিবার (৭ জুন) সকালে এক চাকুরীজীবি কিশোরীকে অক্সিজেন মোড় বাসস্ট্যান্ড থেকে থেমে থাকা একটি বাসে তুলে জোরপূর্বক ধর্ষণ করে ইসমাইল। এ সময় ধর্ষকের সাথে থাকা কয়েকজন সহযোগী ওই কিশোরীকে মারধর করে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। ধর্ষণ শেষে ইসমাইল কিশোরীকে ধর্ষণ এবং চিনতাইয়ের এ কথা কাউকে জানালে প্রাণে মারার ভয় দেখায়।

মাহমুদুল হাসান আরও জানান, এ ঘটনায় গতকাল (৮ জুন) ওই কিশোরীর অভিভাবকসহ র‌্যাব-৭ এর কার্যালয়ে এসে ধর্ষণের বিষয়ে একটি লিখিত অভিযোগ করে। পরে আজ মঙ্গলবার সকালে শহিদ নগর এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করা হয়।

ইসমাইলকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।