বায়েজিদ থানা আ’লীগের নেতা ছগির মারা গেছেন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৯ , ০৩:৪৪ পিএম

বায়েজিদ থানা আ’লীগের নেতা ছগির মারা গেছেন ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম ছগির (৬৫) মারা গেছেন। মঙ্গলবার (৯জুন) দুপুরে নগরীর পার্কভিউ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

বায়েজিদ বোস্তামীর জালালাবাদ ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন সায়েম সিটিজেন নিউজকে জানান, আজ মঙ্গলবার দুপুরে  বায়েজিদ বোস্তামী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম ছগিরের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

জানা যায়, শফিউল আলম ছগির ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে বেশ দক্ষতা ও সাহসিকতার সাথে দীর্ঘ সময় রাজনীতি করেছেন। চট্টগ্রামসহ বায়েজিদ থানা এলাকায় অতীতের বিভিন্ন সময়ে জামায়াত শিবিরের তাণ্ডবসহ বিভিন্ন হাঙ্গামায় অগ্রভাগে থেকে প্রতিরোধ ও নেতৃত্ব দিয়েছেন তিনি।

এছাড়াও তিনি ছাত্র জীবনে (১৯৮৪) ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের (১৯৮৯) কার্যনির্বাহী সদস্য, পাঁচলাইশ থানা ছাত্রলীগের (১৯৮৬-৮৯) প্রতিষ্ঠাতা আহবায়ক, বায়েজিদ থানা যুবলীগের প্রতিষ্ঠাতা, জালালাবাদ ওয়ার্ড যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বায়েজিদ থানার বিট ৭১’র সভাপতি ও চট্টগ্রাম মহানগর পুলিশিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি একজন কন্যা সন্তান, স্ত্রীসহ বহু  আত্মীয়স্বজন, গুণিজন ও শোভাকাঙ্খি রেখে গেছেন।